প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে এসআরবি-১৩’র নিরাপত্তা জোরদার
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
শারদীয় দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারী কেন্দ্রীয় কালী মন্দিরে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে।এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানানো হয়।এসআরবি-১৩ জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, পূজামণ্ডপে হামলা-ভাঙচুর কিংবা প্রতিমা ও পূজার উপকরণ নষ্টের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, যাচাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। অনলাইনে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সাইবার মনিটরিং টিম সক্রিয় থাকবে।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে এসআরবি-১৩। পাশাপাশি কোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম