প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন; জামায়াত প্রার্থীকে শোকজ
ডেস্ক নিউজ ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় তাঁকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন ও তাঁর সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করা এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করতে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগ-সংক্রান্ত একটি ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধি লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে নোটিশে জানানো হয়।
এ অবস্থায় আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও জানতে চাওয়া হয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবং অভিযোগকারী ধানের শীষ প্রতীকের নির্বাচনি এজেন্ট মো. পয়গাম আলীর কাছে পাঠানো হয়েছে।
তবে অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এনআরএইচ
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম