প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা
ডেস্ক নিউজ ||
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দোকানে বসে থাকা অবস্থায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের খবর প্রকাশ করতেন তিনি। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান করে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছিলেন লুৎফুজ্জামান। এ সময় দুই যুবক ওই চায়ের দোকানে এসে সিগারেট চায়। একপর্যায়ে তারা সাংবাদিককে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দৌড়ে কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।উল্লেখ্য, এর আগেও হামলার শিকার হয়েছিলেন লুৎফুজ্জামান। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেছিল।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম