প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
ডেস্ক নিউজ ||
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের কাছে কয়েকজন ব্যক্তি গিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন এবং পুলিশ বাহিনী নিয়েও স্লোগান দেন।ভিডিওতে আরও দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পরে একজন সহযোগীর সহায়তায় তিনি সামনের দিকে এগিয়ে যান।সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিমানবন্দরে তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের কারণে তার প্রতি এমন আচরণ করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।তথ্য উপদেষ্টা বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করার সুযোগ রয়েছে। তিনিও দেশে থাকাকালে বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন। তবে মতপার্থক্য থাকলেও কাউকে এভাবে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়।তিনি আরও জানান, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল। এ ছাড়া জুলাই আন্দোলনে সংহতি জানানো একজন অভিনেত্রীও হেনস্তার শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে আন্দোলনের সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।জাহেদ উর রহমান বলেন, ওই অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে তার প্রাপ্য মর্যাদা ও ভিভিআইপি সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে সরকার তা বিনা প্রতিবাদে মেনে নেবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম