প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচনে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী
ডেস্ক নিউজ ||
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও প্রস্তুতি নেওয়ার সময় দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলে মনে করছে কমিটি। তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করেই নির্বাচনের তফশিল ঘোষণার পরামর্শ দেওয়া হয়েছে।একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে প্রয়োজনীয় ও বাস্তবায়নযোগ্য প্রকল্প এগিয়ে নেওয়ার তাগিদও দিয়েছে কমিটি।আজ রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কে এম সেলিম রেজা হাবিব।বৈঠক শেষে কমিটির সভাপতি জানান, সরকারি ও বিরোধী দলের সদস্যরা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। তবে জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। এ ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি দরকার, তা এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আগামী বছরের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।স্থানীয় নির্বাচনের ঝুঁকি ব্যাখ্যা করে তিনি বলেন, এ নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা তুলনামূলক বেশি থাকে। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা প্রয়োজন।বৈঠকে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) তদারকিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়।এ ছাড়া গ্রামীণ সড়ক নির্মাণের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। নির্মাণকাজের তদারকি বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটির কয়েকজন সদস্য অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির উদ্দেশ্যে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছিল। এসব প্রকল্প চিহ্নিত করে তদন্তের উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেন তাঁরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কিছু প্রকল্পের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনও কাজ করছে।কমিটির সভাপতি বলেন, আগের সরকারের সময়ে নেওয়া অপ্রয়োজনীয় ও দুর্নীতির অভিযোগযুক্ত প্রকল্পগুলো পর্যালোচনা করে সেগুলো বাদ দেওয়া এবং জনস্বার্থে প্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়ে তাঁরা মত দিয়েছেন।তিনি আরও বলেন, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে গুণগত মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করতে হবে। এতে নির্মাণকাজে মানের সঙ্গে আপস করার সুযোগ কমবে।বৈঠকে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার পাশাপাশি আর্সেনিকপ্রবণ এলাকা চিহ্নিত করে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম