প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
স্কাউটিংয়ের শিক্ষা বিদ্বেষমুক্ত সমাজ গঠনে সহায়ক: এমপি বাবুল
তানভীর তুহিন , ফরিদপুর প্রতিনিধি ||
স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে সমাজ থেকে সংঘাত, সহিংসতা ও বিদ্বেষ দূর করে সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।রোববার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউটস সমাবেশ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটসের সদরপুর উপজেলা শাখা আয়োজিত পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।এ সময় তিনি আরও বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়। এ শিক্ষা তাদের নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। দেশের সর্বত্র স্কাউটিংয়ের এ ইতিবাচক শিক্ষা ছড়িয়ে দিতে হবে। স্কাউটিং শিশু-কিশোরদের সত্যবাদিতা, নিয়মানুবর্তিতা, স্বাস্থ্যসচেতনতা, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা দেয়। বর্তমান সময়ে হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সবার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা জরুরি। মানুষে মানুষে ভালোবাসা বাড়লে সমাজে সংঘাত ও সহিংসতা কমে আসবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সদরপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কাব ক্যাম্পুরিতে উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। ২৬টি তাঁবুতে দুটি করে ইউনিটের সদস্যরা অবস্থান করবে। প্রতিটি ইউনিটে থাকবে ১২ জন কাব সদস্য ও দুজন ইউনিট লিডার। ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কাব ক্যাম্পুরি এবং ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লহ আল মামুন শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু ও সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা। এ ছাড়া স্কাউট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম