প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
সাদুল্লাপুরে বন্ধ ইটভাটায় কৃষি উপকরণ তৈরির সরঞ্জাম জব্দ, আটক ২
মোঃ আবু জাফর মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি ||
গাইবান্ধার সাদুল্লাপুরে বন্ধ একটি ইটভাটায় অনুমোদনহীনভাবে সার ও কীটনাশকজাতীয় কৃষি উপকরণ তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিভিন্ন রাসায়নিক পদার্থ, প্যাকেট, লেবেল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য এক কর্মচারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ভবানীপুর গ্রামে কালসারডারা বাজারসংলগ্ন একটি বন্ধ ইটভাটায় এ অভিযান চালানো হয়। জেলা ও উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং পুলিশ যৌথভাবে এতে অংশ নেয়।অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মাইদুল ইসলাম বাবু ইটভাটাটি ভাড়া নিয়ে সেখানে কারখানা স্থাপন করেন। অভিযানে ফসফেট, পটাশ, বিভিন্ন রাসায়নিক পদার্থ, কাঠ ও ইটের গুঁড়া, খালি প্যাকেট, লেবেল এবং উৎপাদন যন্ত্রপাতি পাওয়া যায়। এসব উপকরণ দিয়ে নকল কৃষি উপকরণ তৈরি ও বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তবে জব্দ করা পণ্যের প্রকৃত পরিচয় ও গুণগত মান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য জানান, কারখানাটির বৈধ অনুমোদন নেই। জব্দ করা পণ্য পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত জানান, জব্দ করা উপকরণের প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।পুলিশের পক্ষ থেকে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মামলা দায়ের সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযুক্ত মাইদুল ইসলাম বাবু পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের আশঙ্কা, পণ্যগুলো নকল বা নিম্নমানের প্রমাণিত হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম