প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, মিথ্যা দাবিতে মানববন্ধন
ডেস্ক নিউজ ||
ঝালকাঠির রাজাপুরে দুই শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে পশ্চিম ইন্দ্রপাশা মোহাম্মাদিয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও দরগাবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেমের বিরুদ্ধে। এ অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর একাংশ।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন সহকারী শিক্ষক ইব্রাহিম, বেল্লাল ফকির, শাহ আলম ফকির, রিপন ফকির, মিতু, ঝুমুর, জব্বার তালুকদার (৬০), মজিদ ফকির ও শারমিনসহ স্থানীয়রা।বক্তারা বলেন, মাওলানা আবুল হাশেমের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাকে কর্মস্থলে ফিরিয়ে আনার দাবিও জানান তারা। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও সম্মান রক্ষায় সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।এদিকে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের দাবি, সকালে পড়ানোর সময় দুই শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করা হয়। এর পর থেকে ওই দুই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় এবং বিষয়টি পরিবারকে জানায়। পরে অভিভাবকরা বিষয়টি দরগাবাড়ী জামে মসজিদের সভাপতিকে অবহিত করেন।মসজিদের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর মাদ্রাসার সভাপতিকে খোঁজখবর নিতে বলা হয়। বিষয়টি জানাজানি হলে আবুল হাশেম কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান।এ বিষয়ে অভিযুক্ত আবুল হাশেমের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম