প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
আগামীকাল শুভ মহালয়া
ডেস্ক নিউজ ||
আগামীকাল শুভ মহালয়া, শুরু দুর্গাপূজার ক্ষণগণনাবাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আগামীকাল শনিবার (১০ অক্টোবর) উদযাপিত হবে শুভ মহালয়া। এদিন চণ্ডীপাঠ, বিশেষ পূজা ও পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনা।মহালয়া শুধু দেবী দুর্গার আবাহনের তিথি নয়, প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনারও বিশেষ দিন। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, এদিন জল ও তিল অর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়।পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার মধ্যবর্তী তিথি হলো মহালয়া। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। এরপর দেবী দুর্গা অসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে পরাজিত করেন। মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবীকে মর্ত্যে আহ্বান জানানোর রীতি রয়েছে।মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোরে বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবাশীষ কুমার বিশ্বাস সাধন জানান, অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।এ ছাড়া রমনা কালী মন্দির, ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসহ বিভিন্ন মন্দিরে চণ্ডীপাঠ ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়া উদযাপন করা হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ের প্রধান পুরোহিত সাধন চক্রবর্তী জানান, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে। এ সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাসুদেব ধর।আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী মূল উৎসব। পূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে চলছে প্রতিমা স্থাপন, প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম