প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাকের শুভ উদ্বোধন
ডেস্ক নিউজ ||
দেশের যোগাযোগ ও ক্রীড়া অবকাঠামোতে এক নতুন মাইলফলক যুক্ত হলো বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই সাইকেল চালিয়ে আধুনিক এই ট্র্যাকটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি সারা দেশেই পরিবেশবান্ধব সাইকেল ট্র্যাক নির্মাণের তাগিদ দেন এবং জাতীয় মহাসড়কগুলোর পাশে সাইকেল চলাচলের জন্য পৃথক লেন রাখার আহ্বান জানান।প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, এই ট্র্যাকের দু পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত এবং মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড তৈরি করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। একই সাথে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য রাখা হয়েছে আলাদা ওয়াকওয়ে।মূলত তরুণ প্রজন্মকে সাইকেলিংয়ে উৎসাহিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাইকেলের নিয়মিত ব্যবহার একদিকে যেমন জ্বালানি খরচ ও যানজট কমাবে, অন্যদিকে পরিবেশদূষণ রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উৎসবমুখর এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম