প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
চরভদ্রাসনে ১৫ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও কঠোর নজরদারির নির্দেশ
সাজ্জাদ হোসেন, ফরিদপুর প্রতিনিধি ||
শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফরিদপুরের চরভদ্রাসনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১৫টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মিজানুর রহমান।সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিনয় কুমার বেপারীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, চলতি বছর চরভদ্রাসন উপজেলায় মোট ১৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।এ ছাড়া আনসার সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে দ্রুত প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় মোবাইল নম্বরগুলো মণ্ডপের দৃশ্যমান স্থানে প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়।সভায় বক্তারা বলেন, চরভদ্রাসনে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছেন। সেই ঐতিহ্য ধরে রেখে এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পূজামণ্ডপে ধর্মীয় পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ডিজে গান, অশালীন নৃত্য এবং মাদক সেবন ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। কোনো মণ্ডপে মাদক সেবন, বিক্রি কিংবা পূজার ধর্মীয় পরিবেশের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।এ ছাড়া দর্শনার্থী ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য প্রতিটি পূজামণ্ডপে তথ্য খাতা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের সময়সূচি নিয়েও নির্দেশনা দেওয়া হয় এবং রাত ৮টা থেকে ৯টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম