প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বগতি
ডেস্ক নিউজ ||
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৃহস্পতিবার সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাস আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। অক্টোবরের প্রথম ছয় দিনে মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি মার্কিন ডলারে।
চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সপ্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে প্রবাস আয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩০ শতাংশ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম