প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অটোমোবাইল শিল্পে অবদান বাড়াতে চায় টয়োটা
ডেস্ক নিউজ ||
টয়োটা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি কার্যক্রমের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে অবদান রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।
টয়োটা সুশো করপোরেশন ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেমঙ্গলবার (৬ অক্টোবর) সাক্ষাৎ করে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের বিষয়ে আলোচনা করে।
প্রতিনিধিদলে ছিলেন টয়োটা সুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি, মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা সুশো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রেমিত সিং।
সাক্ষাতে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। টয়োটা বাংলাদেশ জানিয়েছে, দেশে তাদের কার্যক্রম আরও জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে সরকার। একই সঙ্গে ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
দেশের অটোমোবাইল খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে টয়োটা বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক বিকাশে অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম