প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ের দিনে তিন কাল মিলে গেল একই বিন্দুতে
||
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা যেন অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে একই ছবিতে এনে দাঁড় করাল। কয়েক ঘণ্টা আগেও তিনি ছিলেন আর্জেন্টিনা দলের বর্তমান, এখন তিনি সেই দলের সোনালি অতীত। আর বিদায়ের দিনে নিজের উত্তরসূরির সম্ভাবনাও যেন দেখে গেলেন মেসি।ম্যাচের ৬১ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটিই ছিল সেই মুহূর্ত। গোলটি করেন নিকো পাজ। এবারের আন্তর্জাতিক উইন্ডো শুরুর আগেও আর্জেন্টিনার ভবিষ্যৎ ১০ নম্বর জার্সি নিয়ে কিছুটা আলোচনা ছিল। পাউলো দিবালা, ফ্রাঙ্কো মাস্তানতুওনো কিংবা থিয়াগো আলমাদার নামও আলোচনায় ছিল। তবে এই উইন্ডোতে পাজ যেভাবে নিজেকে মেলে ধরেছেন, তাতে সেই প্রশ্নের অনেকটাই উত্তর মিলেছে।এই সময়ে তিনটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেছেন পাজ। আর্জেন্টিনার জার্সিতে একই সঙ্গে গোল করা ও করানোর এমন ধারাবাহিকতা এর আগে মেসি ও দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের মধ্যেই দেখা গেছে। তাই আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও তাকে ভবিষ্যতের ১০ নম্বর হিসেবে অভিহিত করেছেন।মেসির সঙ্গে পাজের খেলার সুযোগ অবশ্য খুব বেশি হয়নি। প্রায় দুই বছর আগে জাতীয় দলে অভিষেক হলেও মেসির সঙ্গে এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র ৫৬ মিনিট। বলিভিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই মেসিকে দিয়ে গোল করিয়েছিলেন পাজ। এবার নিজের গোল করার সামর্থ্যও দেখিয়ে দিলেন তিনি।ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণ বারবার মেসিকে কেন্দ্র করেই গড়ে উঠছিল। লাউতারো মার্তিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ—বল পেলেই সতীর্থরা খুঁজছিলেন মেসিকে। কিন্তু পাজের ভাবনা ছিল ভিন্ন। বক্সের ঠিক বাইরে ডান প্রান্তে বল পেয়েই তিনি মেসিকে খোঁজেননি। বরং নিজের ওপর আস্থা রেখে শট নেন।দূরের পোস্ট লক্ষ্য করে নেওয়া সেই শট বাঁক খেয়ে বেনিনের রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করে জায়গা করে নেয় বাম পাশের ওপরের কোণায়। অনেকটা মেসির ট্রেডমার্ক গোলের মতোই ছিল দৃশ্যটি। ২০১৪ বিশ্বকাপে ইরানের বিপক্ষে মেসির সেই বিখ্যাত গোলের কথাও মনে করিয়ে দিয়েছে পাজের এই গোল।তবে এই গোল শুধু ম্যাচের স্কোরলাইনই বদলায়নি, বদলে দিয়েছে এর তাৎপর্যও। মেসির বিদায়ের দিনে তারই মতো এক গোল করে পাজ যেন আর্জেন্টিনার ভবিষ্যতের বার্তাই দিলেন।মেসির জন্যও হয়তো এটি ছিল স্বস্তির মুহূর্ত। দীর্ঘদিনের সতীর্থদের ছেড়ে যাওয়ার দিনে তিনি দেখে গেলেন, আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অতীতের মেসি, বর্তমানের আর্জেন্টিনা আর ভবিষ্যতের নিকো পাজ—সবকিছু যেন এক মুহূর্তে এসে মিলল একই বিন্দুতে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম