প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চবিসাসের মানববন্ধন
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি ||
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন।মানববন্ধনে চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘সময় বদলায়, পরিস্থিতি বদলায় এবং রাজনৈতিক সংগঠনগুলোও তাদের আচরণ বদলায়। আমরা যদি ৫ আগস্টের আগের ক্যাম্পাসের বাস্তবতা দেখি, পুরো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। তাদের কার্যক্রম ক্যাম্পাসে তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল সাংবাদিকেরা। আমাদের সহযোগিতায় তারা ক্যাম্পাসে প্রবেশ ও বিভিন্ন কার্যক্রম করতে পারত। কিন্তু ৫ আগস্টের পর তারা ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই।’তিনি আরও বলেন, ‘আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নিই না। ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ক্যাম্পাস প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব হামলার বিচার হয়নি। বিভিন্ন জায়গায় বিষয়গুলো উপস্থাপন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা কর্মসূচি বর্জন করতে এক পা-ও পিছপা হব না।’মানববন্ধনে বিশ্ববিদ্যালয় দৈনিক সমকালের প্রতিনিধি ও চবিসাসের সদস্য মেহেদী হাসান বলেন, ‘আমরা ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সূত্র থেকে সংবাদ করে থাকি। আমরা দর্পণের মতো কাজ করি। কিন্তু সেই দর্পণের ওপর যখন হামলা আসে, তখন সমাজ কতটা নিচে নেমে যায়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত হামলার বিচার করতে হবে।’মানববন্ধনে চবিসাসের সদস্য ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম