প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
কাপাসিয়ায় বজ্রপাতে অসুস্থ ৬ শিক্ষার্থী সুস্থ হয়ে ঘরে ফিরল
এস এম মাসুদ , গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গতকালের বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে পড়া সব শিক্ষার্থী এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতালে ভর্তি থাকা অবশিষ্ট ৬ জন শিক্ষার্থীও পূর্ণ চিকিৎসা সেবা শেষে আজ সুস্থ অবস্থায় তাদের নিজ নিজ অভিভাবকের নিকট ফিরে গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বিকট শব্দে বজ্রপাত হলে আতঙ্কে ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকালই ৬ জনকে বাড়ি পাঠানো হয় এবং বাকি ৬ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবশিষ্ট ৬ জন ছাত্রী আজ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে চিকিৎসাসেবা শেষে প্রত্যেককে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক এর নির্দেশনায় আজ ৬ অক্টোবর সকালে সশরীরে স্কুলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। তবে এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সংশ্লিষ্টদের অভিযোগ, এত বড় একটি দুর্ঘটনার পর একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শিক্ষা কর্মকর্তাকে পাওয়া যায়নি। এছাড়া জেলা শিক্ষা অফিসার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক পরিস্থিতির সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক বলেন, ঘটনাটি শোনার পরপরই আমার নির্দেশনায় সরকারি কমিশনার (ভূমি) নাহিদুল হক সরেজমিনে স্কুলে গিয়েছে এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজ নিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে শিক্ষার্থীরা এখন সম্পূর্ণ বিপদমুক্ত ও সুস্থ রয়েছে। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো ধরনের আতঙ্ক বা মানসিক ট্রমা তৈরি না হয়, সে বিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন বিদ্যালয়ের পাশে রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম