প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন
ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় ক্রীড়াকে আরও গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাহদী আমিন বলেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলাকে আলাদা বিষয় হিসেবে যুক্ত করা হবে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রমের সঙ্গে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য।তিনি জানান, এবারের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৩০ হাজার স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি—এই চারটি খেলায় অংশ নিয়েছে। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে সারা দেশ থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন। বড় পরিসরে এই প্রতিযোগিতাও আয়োজন করা হবে।বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এবারের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ছাড়া গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম