প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল উপলব্ধি করে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন নীলফামারীর সৈয়দপুরের শুকুর আলী নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সাজা দেওয়া হয়েছে।সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শুকুর আলী নিজেই সৈয়দপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।শুকুর আলী সৈয়দপুর শহরের নিচু কলোনি রাইসমিল পাড়া এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন মাদকাসক্ত থাকার কারণে তার পারিবারিক ও সামাজিক জীবনে নানা সংকট তৈরি হয়। মাদকের পেছনে অর্থ জোগাতে গিয়ে তার বাবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে অশান্তি তৈরি হওয়ায় একপর্যায়ে তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যান।পরিবারের সদস্যদের ভাষ্য, শুকুর আলী গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। মাদকের পেছনে প্রতিদিন প্রায় এক হাজার টাকা ব্যয় হতো। ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক সেবনের কথাও জানা গেছে।শুকুর আলী বলেন, মাদক সেবনের কারণে তার পরিবারে অশান্তি তৈরি হয়েছিল। পাশাপাশি সমাজেও নানা অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এসব বিষয় উপলব্ধি করেই তিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সাজা ভোগের পর আর কখনো মাদকের পথে না যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।এদিকে সৈয়দপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন এবং সচেতনতামূলক সভা-সমাবেশও হচ্ছে।স্থানীয়দের মতে, মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগও জরুরি।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “কেউ নিজের ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা করা হবে।”
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম