প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা তুলে ধরে ইবি জাতীয় ছাত্রশক্তির প্রচারণা
মাহফুজুল হক পিয়াস , ক্যাম্পাস প্রতিনিধি ||
বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা তুলে ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবার ব্যানার টানিয়েছে জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার নেতৃবৃন্দ। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বর এলাকায় এমন ব্যানার টানানো হয়। ব্যানারে তারা সরকারের ২০০ দিনের ব্যর্থতা হিসেবে আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি, বিরোধী দলের ওপর হামলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য, জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, চাঁদাবাজি ও দখলদারিত্ব, ব্যাংক দখল, লুটপাট, বিএনপি সরকারের দ্বিমুখী আচরণের বিস্তারিত তুলে ধরেছে। এর আগে পহেলা অক্টোবর ক্যাম্পাসে বিএনপি সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে বিলবোর্ড লাগিয়েছিলো ইবি শাখা ছাত্রদল। এর বিপরীতে এ ব্যানার টানিয়েছে বলে জানান ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান।ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ছাত্রদল বিএনপি সরকারের সফলতাগুলো সুন্দর করে ক্যাম্পাসে তুলে ধরেছে। কিন্তু তারা ব্যর্থতা গুলো তুলে ধরতে ভুলে গিয়েছে। তাই ব্যর্থতাগুলো তুলে ধরেছি।তিনি বলেন, বিএনপি বারবার নির্বাচন চেয়েছিলো এবং জনগণও ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। কিন্তু তারা জনগণের প্রত্যাশা পূরণ না করে সবকিছু দলীয়করণ করা শুরু করেছে। বর্তমানে আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি, সরকারের মদদে মব সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। সর্বোপরি বিএনপি একটি ব্যর্থ সরকার হিসেবে প্রমাণিত। ক্যাম্পাস বিষয়ে তিনি বলেন, সাজিদ হত্যার বিচার এখনো হয়নি। ছাত্রলীগের মতো ছাত্রদল ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ছাত্রলীগের মতোই আপনাদের পতন অপেক্ষা করছে।'সদস্য সচিব ইফতেহার উদ্দিন বলেন, 'বিএনপি সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার করছে না, তাই সরকারের ব্যর্থতা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি- ছাত্রদল, যুবদলসহ সন্ত্রাসী বাহিনীকেে থামাতে না পারার মাধ্যমে সরকার ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছে। গতকাল তারা রাবিতে সাংবাদিকদের ওপর ও লালন শাহ মাজারে আগত নাসিরউদ্দিন পাটওয়ারীর ওপর নৃশংস হামলা করে নগ্ন উল্লাসে মেতে উঠেছে।' ব্যানার টাঙানোর সময় ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসানের নেতৃত্বে সদস্য সচিব ইফতেহার উদ্দিন, মূখ্য সংগঠক জায়েদ বিন ওসমান, মিডিয়া সম্পাদক রাজু আহমেদ জীবন, কর্মসূচি বাস্তবায়ন সম্পাদক তারেক জাহান জয়, ক্রীড়া সেল সদস্য মেহেরাব হোসেন মাহিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম