প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
সিলেটে ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা,প্রস্তুতি শেষ পর্যায়ে
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়,মণ্ডপ সাজসজ্জা,আলোকসজ্জা ও নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটের পূজামণ্ডপ সংশ্লিষ্টরা। নগর থেকে গ্রাম,সর্বত্রই এখন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ।এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৬১৮টি। অর্থাৎ এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ১৮টি।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলায় মোট ৪৭৪টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক পূজামণ্ডপ। অন্যদিকে, সিলেট মহানগরে মোট ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক মণ্ডপ।গত বছর সিলেট মহানগরে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ১৪২টি ছিল সর্বজনীন ও ২০টি পারিবারিক। আর জেলার বিভিন্ন উপজেলায় ৪৫৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪২৭টি সর্বজনীন ও ২৯টি পারিবারিক।এদিকে,দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। সংগঠনের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে হবে।তিনি আরও বলেন,দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখার জন্য পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।সিসিক প্রশাসক জানান,পূজা উপলক্ষে নগরের প্রয়োজনীয় সড়ক সংস্কার,মণ্ডপে পানি সরবরাহসহ নাগরিক সেবার বিষয়গুলোতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সমস্যা দেখা দিলে সিটি করপোরেশনকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক,পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা,ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও জেলা সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।সভায় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার প্রতিনিধিরা।এদিকে,দুর্গাপূজাকে সামনে রেখে ইতোমধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণ, রং করা,সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি,আবার কোথাও প্রতিমাকে উৎসবের সাজে সাজিয়ে তোলার ব্যস্ততা।আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আবহ আরও ঘন হয়ে উঠবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল পূজার আনুষ্ঠানিকতা। পর্যায়ক্রমে মহাসপ্তমী,মহাষ্টমী,মহানবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।সব মিলিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সম্প্রীতি ও উৎসবের আবহে সিলেটের ৬৩৬টি মণ্ডপে এবার উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম