প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
কারাবন্দি ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী জনস্রোত
আন্তর্জাতিক ডেস্ক ||
ইসলামাবাদের উদ্দেশ্যে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু করেছেন তার হাজারো সমর্থক। ইমরানের দল পিটিআই সোমবার এ তথ্য জানিয়েছে। দেশটির নেতৃত্বের সঙ্গে দলটির গভীর বিভাজনের মধ্যে এ কর্মসূচি শুরু হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রবিবার র্যালিটি শুরু হয়। ইসলামাবাদে পৌঁছানোর আগে বিভিন্ন স্থানে যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।
মার্চের নেতৃত্বে থাকা প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, আমি আপনাদের সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি, তরুণদের বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি, আপনাদের সেই নেতার জন্য, যিনি কারাগারে বসে আছেন।
২০২২ সালে পার্লামেন্টের মাধ্যমে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর থেকেই তার দল ও পাকিস্তানের নেতৃত্বের মধ্যে এই বিভাজনের শুরু। ইমরান এর জন্য সেনাবাহিনীকে দায়ী করেন, যদিও সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে আসছে। মার্চটি মূলত ২৭ সেপ্টেম্বর শুরুর কথা ছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার দলটির দাবি নিয়ে আলোচনার প্রস্তাব দিলে তা পিছিয়ে যায়। সপ্তাহান্তে সেই আলোচনা ভেস্তে যায়।
দুই বছর আগে পিটিআইয়ের সর্বশেষ বড় আকারের বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছিল। ইসলামাবাদ ও এর আশপাশে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবন ও বিদেশি দূতাবাস অবস্থিত ইসলামাবাদের সরকারি এলাকা শিপিং কনটেইনার বসিয়ে ঘিরে ফেলা হয়েছে।
সরকার ঘোষণা দিয়েছে, মার্চে অংশগ্রহণকারীদের ইসলামাবাদে ঢুকতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, আমরা এটা চিরতরে শেষ করবো। তিনি আরও বলেন, রাজধানীতে দলটিকে নিজেদের ইচ্ছামতো ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত করতে দেওয়া যাবে না।
আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করেছেন নাকভি। তার ভাষ্য, আফগানিস্তান-সংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদ মোকাবিলায় সন্ত্রাসদমন নীতিতে ইমরানের দল সহযোগিতা করতে রাজি না হওয়ায় আলোচনা ভেঙে যায়। পিটিআই এই ব্যাখ্যা অস্বীকার করে বলেছে, সরকার অন্যায়ভাবে দলটিকে ছাড় দিতে চাপ দিতে চেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে জঙ্গি হামলা বাড়ছে।
নাকভি ও সরকারের অন্য মন্ত্রীরা ইঙ্গিত দিয়েছেন, ইমরানের দলের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার রাষ্ট্রসমর্থিত সন্ত্রাসদমন নীতি অনুসরণে ব্যর্থ হলে আইনি ও সাংবিধানিক বিধানের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হতে পারে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম