প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক
মোঃ দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেল।সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৫ জনের পরিবার ও আহতদের মাঝে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে ৯ জনকে ১ লাখ টাকা করে ৯ লাখ, ১০ জনকে ৩ লাখ টাকা করে ৩০ লাখ এবং নিহত ২৬ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ৩০ লাখ টাকা দেওয়া হয়।চেক হস্তান্তর অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খান, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আবু নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।চেক হাতে পেয়ে স্বামী হারানো খন্দকার কলি খাতুনসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম