প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু
ডেস্ক নিউজ ||
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে লক্ষণ বা উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন রোগী, যাদের মধ্যে ৮২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর মেলেনি।শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি বিষয়ক এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।রোগে প্রাণহানির পরিসংখ্যান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন এবং সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ২০ জনের।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম