প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
ডোমারের চিলাহাটিতে ট্যাপেন্টাডলসহ যুবক আটক, আদালতে এক বছরের কারাদণ্ড
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজারের প্রগতি পাড়া এলাকায় দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কাজল (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চিলাহাটি বাজারের প্রগতি পাড়ায় ইউনুছ আলীর বসতবাড়ির বাইরের আঙিনায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কাজল ওই এলাকার ইউনুছ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, মাদক বিক্রির সময় স্থানীয় জনতা এক যুবককে আটক করেছে। খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেট থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি ও সেবনের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৯৯৯-এর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধের দায়ে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, ডোমার, নীলফামারী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম