প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
এমপির বিরুদ্ধে অপপ্রচার,‘জুলাই যোদ্ধা’ বাবুল গ্রেপ্তার
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা সাইবার অপরাধ মামলায় মো. বাবুল আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে শ্রীমঙ্গল শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার বাবুল আহমদ সরকারি গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ এবং স্থানীয় বিএনপির একজন কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।মামলার এজাহার সূত্রে জানা যায়,৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে সংসদ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত অপপ্রচারের বিষয়টি নজরে আসে। এরপর শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য মো. ছিবত মিয়া (২৬) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলায় বাবুল আহমদকে প্রধান আসামি করে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।এজাহারে অভিযোগ করা হয়,বাবুল আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং বিভিন্ন শেয়ার করা লিংকের মাধ্যমে সংসদ সদস্যের বিরুদ্ধে অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নকারী বক্তব্য ও ভিডিও প্রচার ও শেয়ার করছিলেন। এর মাধ্যমে সংসদ সদস্যের সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।মামলাটি সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় নথিভুক্ত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে বাবুল আহমদকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত পোস্ট,ভিডিও ও অন্যান্য ডিজিটাল আলামত পর্যালোচনা করা হচ্ছে এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।তবে বাবুল আহমদের পরিবারের দাবি, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে। তার স্ত্রী আনোয়ারা বেগম বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ তাদের বাসায় গিয়ে বাবুলকে থানায় যেতে বলে। বাবুল হৃদরোগে আক্রান্ত এবং শারীরিকভাবে অসুস্থ উল্লেখ করে সকালে নিজে থানায় যাওয়ার কথা বললেও পুলিশ তাকে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।আনোয়ারা বেগমের ভাষ্য,থানায় নেওয়ার পর বাবুলকে লকআপে রাখা হয়। তিনি সন্তানদের নিয়ে রাত প্রায় ৩টা পর্যন্ত থানার সামনে অবস্থান করলেও স্বামীর গ্রেপ্তারের কারণ ও শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট তথ্য পাননি। পরে বাবুলকে মৌলভীবাজারে পাঠানো হয়।তিনি স্বামীর মুক্তি দাবি করে বলেন,বাবুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দাবি,এর আগেও বাবুল বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে কারাভোগ করেছেন। বর্তমানে তাকে গ্রেপ্তারের ঘটনায় পরিবারটি উদ্বিগ্ন।এদিকে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, বাবুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে রাজনৈতিকভাবে হয়রানি না করে মানবিক বিবেচনায় দ্রুত মুক্তির ব্যবস্থা করা উচিত।তবে পুলিশের বক্তব্য,বাবুলকে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়,সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “সাইবার অপরাধ মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”মামলার অভিযোগের সত্যতা যাচাই এবং অন্যান্য আসামিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম