প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
শ্রীমঙ্গলে হাইল হাওরে সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ,ধ্বংস
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধ মৎস্য শিকার ও পানিপ্রবাহে বাধা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে হাওরের মুক্ত পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে একাধিক অবৈধ নেটের বাঁধ অপসারণ করা হয়।বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। হাইল হাওরের চেংছড়ি,সানন্দা, বছনীখাল,বেরীর বোল ও হাওরী খাল এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক। আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।অভিযানকালে বিভিন্ন স্থানে পেতে রাখা ১০০টি ক্ষতিকর রিং জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য এক হাজার মিটার এবং মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ছাড়া ২০টি নিষিদ্ধ মশারি জাল জব্দ করা হয়,যার আনুমানিক দৈর্ঘ্য চার হাজার মিটার এবং মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা সব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ও মাছের প্রজনন ব্যাহত করে এমন একাধিক অবৈধ নেটের বাঁধ অপসারণ করা হয়।অভিযান শেষে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন,হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং মুক্ত পানিপ্রবাহ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দেশীয় মাছের প্রজনন ও চলাচল ব্যাহত করে এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম