প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
শহীদ আবু সাঈদ হত্যা: বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
পারভেজ হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,(বেরোবি) রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকসহ ১১ কর্মকর্তা ও কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন।এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন বেরোবির সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ মন্ডল।এছাড়া বহিষ্কারের তালিকায় রয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নুর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন।এর আগে আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করে। ৯ এপ্রিল ২০২৬ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম