প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
এমএ আউয়াল আশিক, মুন্সীগঞ্জ প্রতিনিধি ||
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।এ সময় নদীর তীব্র স্রোতে বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি সরেজমিনে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের আতঙ্ক, দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।ভাঙনের পরিস্থিতি পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে ঘটনাস্থল থেকেই পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিওকলে কথা বলেন এমপি আব্দুল্লাহ। ভিডিওকলের মাধ্যমে মন্ত্রীকে ভাঙনকবলিত এলাকা সরাসরি দেখানো হয় এবং নদীর তীব্র স্রোতে একের পর এক বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি অবহিত করা হয়।এ সময় পানি সম্পদ মন্ত্রী ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দ্রুত নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি আশ্বস্ত করেন।স্থানীয় বাসিন্দারা জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। যেকোনো সময় আরও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এমপি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বিষয়টি পানি সম্পদ মন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম