প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা
ডেস্ক নিউজ ||
দেশে অপরাধের ঘটনা থাকলেও বর্তমানে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশের সামগ্রিক পরিস্থিতি এখন ভালো।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, দেশে অপরাধ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কিছু অপরাধ বেড়েছে, আবার কিছু কমেছেও। তথ্য-উপাত্তে এর প্রতিফলন রয়েছে। তবে বর্তমানে দেশে নৈরাজ্য নেই এবং আগের সময়ের তুলনায় পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু রয়েছে।এলপিজি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই বলে আমদানিকারক ও অপারেটররা সরকারকে জানিয়েছেন। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সতর্ক করেছেন। এ ধরনের ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে।বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে বাংলাদেশ। এর আওতায় প্রযুক্তি বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর বিষয় রয়েছে। এই সমঝোতার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন তিনি।যৌথ বাহিনী বা বিশেষ অভিযান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পুলিশ তাদের কার্যক্রম বাড়াচ্ছে। প্রয়োজন হলে রাষ্ট্র ও জনগণের স্বার্থে আইনের সীমার মধ্যে থেকে সরকার প্রয়োজনীয় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। যৌথ বাহিনীও তাদের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করছে বলে জানান তিনি।বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগ জড়ানোর বিষয়ে তিনি বলেন, এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বর্তমান সরকারের সময়ে সরকারের সঙ্গে সম্পৃক্ত কেউ বা দলের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড করছে না—এমন দাবি তিনি করছেন না। তবে বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে একটি ‘ব্র্যান্ডিং’ বা ‘ন্যারেটিভ’ তৈরির চেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চায়। তার ভাষ্য অনুযায়ী, ভারতকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এ বিষয়টিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে এবং এতে অন্য কোনো দেশের যুক্ত হওয়ার প্রয়োজন নেই বলে বোঝাতে চেয়েছে।তিনি আরও বলেন, কোনো দেশের চাপ বা শর্তের ভিত্তিতে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে না। এয়ারবাস কিংবা বোয়িং—যে উড়োজাহাজই কেনা হোক, তা দেশের প্রয়োজন বিবেচনা করেই কেনা হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম