প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত: বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের আহ্বান
মোঃ রওকত আলী , উপজেলা প্রতিনিধি ||
ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতকরণ এবং অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগের আহ্বান জানিয়ে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, সাধারণ মানুষের একটি বড় অংশ এখনো তথ্য অধিকার আইনের সুফল ও ব্যবহার সম্পর্কে পুরোপুরি অবগত নন। নাগরিক পর্যায়ে এই আইনের সুফল পৌঁছে দিতে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। যাচাই ছাড়া কোনো সংবাদ বা তথ্য প্রকাশ করলে সমাজে বিভ্রান্তি ও গুজব সৃষ্টি হতে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে অসত্য বা উসকানিমূলক অপতথ্য ছড়িয়ে দিলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রতিনিয়ত ওয়েবসাইট হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নাগরিক সেবা দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য রোধ করা বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে গণমাধ্যম ও অনলাইন অ্যাক্টিভিস্টদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। সরকারি বিভিন্ন মাধ্যম ও প্ল্যাটফর্মে যে তথ্য প্রকাশ করা হচ্ছে, তা যেন নাগরিকরা সহজে বুঝতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।সভায় টিআইবি রংপুর অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর কবির জেলার সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইট হালনাগাদ পরিস্থিতি ও তথ্য অধিকার আইনের প্রয়োগ নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র (পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন) প্রদর্শন করেন।পরবর্তী উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা সরকারি দপ্তরগুলোর সেবা সহজীকরণ, অনলাইন পোর্টালে হালনাগাদ উপাত্ত প্রকাশ এবং প্রান্তিক পর্যায়ে তথ্য অধিকার আইনের ব্যাপক প্রচার-প্রচারণার তাগিদ দেন।
উক্ত সভায় স্থানীয় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম