প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী থেকে লোক এনে হামলার অভিযোগ, বাঞ্ছারামপুরে সংঘর্ষে নিহত ১
মুহাম্মদ মহসিন আলী , জেলা প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর সফু সরকার বাড়ির লোকজন এলাকাছাড়া ছিলেন।এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেন নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম