প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজারে ৬৭ প্রাথমিক শিক্ষকের অস্থায়ী নিয়োগ
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ থেকে বাদ পড়া মৌলভীবাজারের ৬৭ জন প্রার্থীর নিয়োগ অবশেষে চূড়ান্ত হয়েছে। যাচাই-বাছাই শেষে দ্বিতীয় ধাপে এসব প্রার্থীর নিয়োগের তালিকা প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রার্থীদের ঠিকানায় পাঠানো হবে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশে এসব প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।এর আগে মৌলভীবাজার জেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ৮৫ জনের নিয়োগ বিভিন্ন কারণে আটকে যায়। কাগজপত্র সংক্রান্ত জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে অনাগ্রহের বিষয় ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ৬৭ জনের নিয়োগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।নিয়োগের সরকারি শর্ত;জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নিয়োগ আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরির প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকালে কর্মদক্ষতা,আচরণ ও সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণের বিষয় বিবেচনা করা হবে। এ সময়ে অসদাচরণের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।শিক্ষানবিশকালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন না।নিয়োগ আদেশে শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষক শিশুকে এ ধরনের নির্যাতন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।নিয়োগের সময় প্রার্থীর দেওয়া কোনো তথ্য বা সনদপত্র পরবর্তীতে মিথ্যা,ভুয়া বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে। পাশাপাশি প্রচলিত আইনের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হতে পারে।নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের পর সরকার নির্ধারিত দুই মাসের প্রশিক্ষণে অংশ নিতে হবে। এছাড়া চাকরিতে যোগদানের পর চার বছরের মধ্যে নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণে ব্যর্থ হলে কিংবা প্রশিক্ষণে অনুত্তীর্ণ হলে চাকরি স্থায়ী করা হবে না এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড দিতে হবে। ওই বন্ডে নিজে বা পরিবারের অন্য সদস্যদের জন্য যৌতুক না নেওয়া এবং যৌতুক না দেওয়ার অঙ্গীকার করতে হবে।নিয়োগ আদেশে উল্লেখ নেই এমন বিষয়ে সরকারের প্রচলিত চাকরির বিধি-বিধান ও আদেশ প্রযোজ্য হবে। ভবিষ্যতে সরকার এ-সংক্রান্ত নতুন কোনো বিধি-বিধান বা আদেশ জারি করলে সেগুলোর ভিত্তিতেও সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি নিয়ন্ত্রিত হবে।সরকারি নিয়োগ আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ৬৭ জনকে আগামী ১ অক্টোবর ২০২৬,বৃহস্পতিবার,অফিস চলাকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মৌলভীবাজারে সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে।নির্ধারিত তারিখে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগ আদেশ বাতিল বলে বিবেচিত হবে।নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা প্রাতিষ্ঠানিক কোড নম্বর ১২৪০২০৯০০০০০০ ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ’ খাত থেকে বেতন-ভাতা পাবেন। তাদের বেতন জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩) নির্ধারণ করা হয়েছে।এবারের নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলায় মোট ৩৫৭ জন প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারকের মাধ্যমে এ নিয়োগ আদেশ জারি করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫ নভেম্বর ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম