প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও নেসকোর বিরুদ্ধে আইনি পদক্ষেপে নতুন মোড়
মোঃ রওকত আলী , উপজেলা প্রতিনিধি ||
রংপুর নগরীর বাসা-বাড়িতে ব্যবহৃত প্রিপেইড মিটার অবিলম্বে অপসারণ করে পুনরায় আগের ডিজিটাল মিটার চালুর দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। রবিবার (২৭ সেপ্টেম্বর) আদালত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান। তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকরা চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন এবং এটি জনগণের ওপর এক ধরনের শোষণ ও হয়রানির যন্ত্র হিসেবে কাজ করছে।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার সরকার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহাবুব আলম, সবুজ রায়, সানজিদা আক্তার, কনক রহমান ও রেদোয়ান ফেরদৌস প্রমুখ।জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ তারিখে নগরীর বিভিন্ন বাসা-বাড়িতে প্রিপেইড মিটার লাগানোর কার্যক্রমকে অবৈধ ও বেআইনি ঘোষণা করার জন্য জেলা প্রশাসকসহ নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী গ্রাহকরা। রবিবার ওই মামলার শুনানির দিন ধার্য থাকলেও বিবাদীদের ঠিকমতো সমন জারি না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়। এ নিয়ে আদালত চত্বরে অসন্তোষ প্রকাশ করে নাগরিক কমিটির নেতারা সমন জারিকারকদের গাফিলতির সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধে শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুতের মূল্য কমানো, বেসরকারিস্তকরণের পাঁয়তারা বন্ধ এবং গ্রাহকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেরও জোরালো দাবি জানানো হয়। এসব দাবি আদায় না হলে আগামীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণস্বাক্ষর সংগ্রহ ও অবস্থান কর্মসূচিসহ কঠোর ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম