প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পাওয়ায় নীলফামারীতে মানববন্ধন
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছেন বঞ্চিত প্রার্থীরা।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মিরপুর, ঢাকা) বরাবর লিখিত আবেদন দেন প্রার্থীরা।আবেদনে নীলফামারীর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী মো. নুরুদ্দীনসহ বঞ্চিত অন্যান্য প্রার্থীরা স্বাক্ষর করেন।মানববন্ধনে প্রার্থীরা বলেন, নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ সফলভাবে সম্পন্ন করে তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। তাদের দাবি, লিখিতভাবে তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, নেতিবাচক ভেরিফিকেশন তথ্য কিংবা অযোগ্যতার কারণ জানানো হয়নি। এতে তারা অনিশ্চয়তা ও মানসিক চাপে রয়েছেন।বঞ্চিত প্রার্থীরা চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র আটকে রাখার কারণ লিখিতভাবে স্পষ্ট করার দাবি জানান। একই সঙ্গে পুলিশ ভেরিফিকেশন, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বা এনএসআই প্রতিবেদনে কোনো নেতিবাচক মন্তব্য থাকলে তা সুনির্দিষ্টভাবে জানানো এবং অযোগ্যতার পেছনে কোনো প্রশাসনিক নীতি, আইন বা নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত থাকলে তা অবহিত করার দাবি করেন তারা।এ ছাড়া একই নিয়োগ প্রক্রিয়ায় অন্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও তাদের ক্ষেত্রে ব্যতিক্রমের যৌক্তিক ব্যাখ্যা প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিলের জন্য সময় দেওয়ার দাবি জানানো হয়।প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, নীলফামারী জেলায় সহকারী শিক্ষক পদে মোট ১৬১ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে অধিকাংশ প্রার্থী নিয়োগপত্র পেলেও ৫২ জন নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে তারা জানান।এ বিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, বঞ্চিত প্রার্থীদের আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা হবে। পর্যায়ক্রমে তাদের নিয়োগ প্রদানের ব্যবস্থা করা হবে।বঞ্চিত প্রার্থীরা দ্রুত বিষয়টি পর্যালোচনা করে তাদের নিয়োগ জটিলতার সমাধান এবং চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিয়োগপত্র প্রদানের দাবি জানিয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম