প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
ডেস্ক নিউজ ||
নতুন জাতীয় বেতনকাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা।সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে জিপিএফে জমা থাকা অর্থের পরিমাণ ১৫ লাখ টাকা পর্যন্ত হলে ১৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১২ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি অর্থ জমা থাকলে প্রযোজ্য হবে ১১ শতাংশ মুনাফা।এছাড়া সংশ্লিষ্ট অর্থবছরে জিপিএফে নতুন করে জমা হওয়া চাঁদার ক্ষেত্রেও একই হারে মুনাফা প্রযোজ্য হবে।অন্যদিকে, সিপিএফের আওতাভুক্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধি অনুসরণ করে কর্মচারীদের মুনাফা দিতে পারবে। তবে সেক্ষেত্রে সরকারের নির্ধারণ করা হারই সর্বোচ্চ সীমা হিসেবে কার্যকর থাকবে।এর আগে গত ১ জুলাই থেকে নতুন জাতীয় পে স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন কাঠামো অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মীদের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর থাকবে।পরবর্তী ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম