প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন
ডেস্ক নিউজ ||
পাবলিক পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভোটের প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে, অর্থাৎ নভেম্বরে তফশিল ঘোষণা হতে পারে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি।ইসি আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষা শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করছে কমিশন। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা যাবে।তিনি বলেন, এর আগে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর সঙ্গে বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে। তাই রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে।নির্বাচনের তারিখ পেছানোর পেছনে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কোনো চাপের কারণে কমিশন তারিখ পরিবর্তন করেনি। বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন সিদ্ধান্ত নেয়।তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধান ও আইনের মধ্যে থেকেই কাজ করতে চায়। কোনো চাপের কাছে কমিশন কখনো কাজ করেনি। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেটিও সিদ্ধান্ত নেওয়ার সময় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে হয় উল্লেখ করে তিনি বলেন, একসঙ্গে ভোট আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।তফশিলের বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, তফশিল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো তারিখকেই চূড়ান্ত হিসেবে ধরা যায় না। বিদ্যমান নির্বাচনী আইনের বিষয়ে কমিশন তাদের মতামত দিয়েছে। এখন সরকার ও সংসদ বিষয়টি পরবর্তী পর্যায়ে বিবেচনা করবে।তিনি জানান, আগামী জানুয়ারিতে ভোট আয়োজনের পরিকল্পনা থাকলে তার প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে তফশিল ঘোষণা করা হতে পারে। সে হিসেবে নভেম্বরে তফশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম