প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
নতুন ভাড়ার তালিকা নেই, বাসে বাড়তি টাকা আদায়
ডেস্ক নিউজ ||
ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগসহ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো বাসে আগের তুলনায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।অনেক বাসে নতুন ভাড়ার তালিকা না থাকায় বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহণকর্মীদের তর্ক-বিতর্কও হচ্ছে। মিরপুরের বিভিন্ন এলাকা, কালশী ও আশপাশের রুটে নতুন ভাড়ার তালিকা না থাকার অভিযোগ পাওয়া গেছে।মিরপুর-১২ নম্বরের বাসিন্দা রেলওয়েত হোসেন জানান, সাগুফতা মোড় থেকে মিরপুর-১০ নম্বরের শাহআলী মার্কেট এলাকায় যেতে আগে ১০ টাকা ভাড়া দিলেও এখন তার কাছে ১৫ টাকা চাওয়া হয়েছে। তবে বাসে নতুন ভাড়ার কোনো তালিকা ছিল না। একইভাবে মিরপুর-১২ থেকে গাজীপুরের কালিয়াকৈরগামী এক যাত্রী জানান, রাজধানী পরিবহণের বাসে তার কাছে আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দাবি করা হচ্ছে।শাহবাগ থেকে গাবতলী যাওয়ার পথে জুয়েল সিকদারের কাছ থেকেও আগের ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা নেওয়া হয়েছে বলে তিনি জানান। আজিমপুর থেকে মিরপুরগামী শিক্ষার্থী হাবিবুর রহমানের অভিযোগ, ১০ টাকার ভাড়া এখন ১৫ টাকা নেওয়া হচ্ছে। মোহাম্মদপুর-মতিঝিল রুটের যাত্রী ফুয়াদ করিম জানান, আগে ২০ টাকা দিলেও এখন ২৫ থেকে ৩০ টাকা চাওয়া হচ্ছে।কাওরান বাজারেও কয়েকজন যাত্রী ৫ থেকে ১০ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ করেছেন। তাদের অভিযোগে ওয়েলকাম, প্রজাপতি ও বিকল্প পরিবহণের নাম এসেছে। ফার্মগেটে এক বাসকর্মী জানান, নতুন ভাড়ার তালিকা না থাকায় যাত্রীদের তা দেখানো সম্ভব হচ্ছে না। এ কারণে নিয়মিতই কথা কাটাকাটি হচ্ছে।এদিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় দূরপাল্লার কয়েকটি বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। ঢাকা-কুয়াকাটা রুটে ২২০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, ঢাকা-নবীনগর রুটে ৩২০ থেকে ৩৫০ টাকা এবং ঢাকা-পিরোজপুর রুটে একটি পরিবহণে ৬৫০ থেকে ৭০০ টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কিছু পরিবহণে পুরোনো ভাড়াই বহাল রয়েছে।ঢাকা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম দেওয়ান বলেন, জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলেও নতুন ভাড়ার প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত তারা বর্ধিত ভাড়া নিচ্ছেন না।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে ২ টাকা ৬০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। মহানগরীতে বড় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা রাখা হয়েছে।এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিলের কথাও বলা হয়। তবে বুধবার রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তদারকি বা অভিযান চালানোর কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম