দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
আজ শনিবার দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহানউদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
শূন্য পাসের হারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
এর মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জের ভেরভেরী মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে ৫১ জন এবং নীলফামারী সদরের আদর্শ কলেজে ৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করতে পারেনি। এ ছাড়া নীলফামারীর ডোমারের বাগডোকরা নিমোজখানা হাইস্কুল অ্যান্ড কলেজ ও কুড়িগ্রামের নাগেশ্বরীর নয়ন খাল স্কুল অ্যান্ড কলেজে ৩১ জন করে পরীক্ষার্থী অংশ নেয়। উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজেও ৩১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে কুড়িগ্রামের চর শৌলমারী আদর্শ মহিলা কলেজে ২৪ জন, গাইবান্ধার পলাশবাড়ীর ফকিরহাট মহিলা কলেজে ২১ জন।
দিনাজপুর জেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে বীরগঞ্জের কবিরাজহাট কলেজে ৮ জন, সোনকা আদর্শ কলেজে ৫ জন, ফুলবাড়ীর উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজে ১১ জন, বিরামপুরের বেপারিটোলা আদর্শ কলেজে ১১ জন এবং হাকিমপুরের পাউশগাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ ও বোয়ালদার স্কুল অ্যান্ড কলেজে ১১ জন করে পরীক্ষার্থী অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
এ ছাড়া রংপুরের পীরগঞ্জের কাদিরাবাদ উইমেন্স কলেজে ১৫ জন, কুড়িগ্রামের নাগেশ্বরী মডেল কলেজে ১৫ জন, ঠাকুরগাঁওয়ের হারিনমারী স্কুল অ্যান্ড কলেজে ১২ জন এবং লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েও সবাই অকৃতকার্য হয়েছে।
বোর্ডের তালিকায় নীলফামারীর পাঁচপুকুর স্কুল অ্যান্ড কলেজ, জামিরবাড়ী মহিলা মহাবিদ্যালয়, তারানীবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, সামিরউদ্দিন আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ, সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ ও লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ। কুড়িগ্রামের সিঙ্গার ডাবরিহাট কলেজ, সিঙ্গার ডাবরির হাট বি.এল. হাইস্কুল অ্যান্ড কলেজ, কুটিপাড়া ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, চিলাখানা মডেল কলেজ এবং দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজও রয়েছে শূন্য পাসের তালিকায়।
একই তালিকায় ঠাকুরগাঁওয়ের সালন্দর উইমেন্স কলেজ, কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ, গোগর কলেজ, রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ, একতিয়ারপুর শহীদ সালাহউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, মরলহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ ও রত্নাই বগুলাবাড়ী হাইস্কুল অ্যান্ড কলেজের নাম রয়েছে।
লালমনিরহাটের গান্ধামারুয়া স্কুল অ্যান্ড কলেজ, ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ, দুহুলী এসসি হাইস্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ ও আমিনুর রহমান কলেজও এ তালিকাভুক্ত।
এ ছাড়া পঞ্চগড়ের বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও আলহাজ তমিজ উদ্দিন কলেজ, গাইবান্ধার জুমারবাড়ী মহিলা কলেজ, রংপুরের কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ ও আমাদপুর কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন বলেন ৪৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেউ পাশ করেনি কারণ এই সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নন এমপিওভুক্ত। ঐ সকল কলেজের শিক্ষার্থীর সংখ্যাও খুবই কম বেশিরভাগ কলেজের শিক্ষার্থীর সংখ্যা ১ জন ২ জন ৩ জন ৪ জন থেকে ১৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সর্বোচ্চ ৫১ জন পর্যন্ত রয়েছে। শিক্ষা বোর্ড থেকে ঐ সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করার ব্যবস্থা করা হচ্ছে।
মতামত