প্রথম স্ত্রীকে বহাল রেখেই তার আপন ছোট বোনকে (শ্যালিকা) বিয়ে করে দেশজুড়ে তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দেওয়া নওগাঁর মহাদেবপুরের সেই আলোচিত মাসুদ এবার দ্বিতীয় স্ত্রীর আইনি তালাকের মাধ্যমে এ অধ্যায়ের সমাপ্তি টেনেছেন। শরিয়তবহির্ভূত এই ভুলের কারণে সৃষ্ট তীব্র সামাজিক তিরস্কারের মুখে দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা আইনগতভাবে মাসুদকে তালাক দিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন খোদ মাসুদ নিজেই। একই সঙ্গে লাইভে এসে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তীব্র প্রতিবাদের পর বুধবার বিকেলে লাইভে আসেন মাসুদ। নিজের ভুলের কথা স্বীকার করে তিনি বলেন,
“ইসলামি শরিয়ত অনুযায়ী একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা যে জায়েজ নয়, তা আমাদের জানা ছিল না। না বুঝে আমরা এই ভুলটি করেছিলাম। এই ভুলের কারণে আমাদের বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়েছে। যে ভুলটি হয়েছিল, আমরা তা সংশোধন করেছি।”
তিনি আরও জানান, পূর্ণিমা তাকে আইনগতভাবে তালাক দিয়েছেন এবং বর্তমানে তার প্রথম স্ত্রী মৌসুমীই কেবল তাঁর সঙ্গে স্ত্রী হিসেবে আছেন। তালাকের প্রয়োজনীয় প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপন করায়, তারা যেন আর সামাজিক লাঞ্ছনার শিকার না হন—সেজন্য নেটিজেনদের কাছে এ সংক্রান্ত পোস্ট বা ট্রল বন্ধ করার অনুরোধ জানান মাসুদ। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের জন্য পরিবার ও দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।
গত ২৪ অক্টোবর নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকার বাসিন্দা ও আইনজীবী সহকারী মাসুদ তার প্রথম স্ত্রী মৌসুমীর উপস্থিতিতেই আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন। ২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে ছবি ও টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।
মতামত