জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে আরও একটি হত্যাচেষ্টা মামলার অভিযোগে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে নূর মোহাম্মদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাচেষ্টার অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তাকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলাটির তদন্তকালে ঘটনায় মদদদাতা হিসেবে নূর মোহাম্মদের বিরুদ্ধে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে বক্তব্য উপস্থাপন করে। অন্যদিকে নূর মোহাম্মদের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৩ আগস্ট রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন জুয়েল। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি এ ঘটনায় মামলা করেন।
এর আগে, গত ২৭ জুন রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।
মতামত