ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যার দিকে ঝিনাইদহ জেলা স্টেডিয়াম সংলগ্ন একটি মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা ছাত্রদলের সাবেক এক নেতার দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শহরের ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তারেক রেজা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এরই প্রতিক্রিয়ায় পরদিন শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা একটি মামলা দায়ের করেন। ছাত্রদলের সেই মামলায় হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়। মূলত এই পাল্টা মামলার প্রেক্ষিতেই আজ তাকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, “এনসিপি নেতা তারেক রেজা একটি মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এই গ্রেপ্তারের ঘটনায় এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা এই গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

