যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে পরিকল্পিতভাবে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
আমেরিকাভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ডন’ দাবি করেছে, এই আকস্মিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং পুরো অঞ্চলকে বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
সংস্থাটির মতে, ইসরায়েলের এমন পদক্ষেপ শুধু বর্তমান পরিস্থিতিকেই জটিল করছে না, বরং দীর্ঘমেয়াদে আঞ্চলিক অস্থিরতাও বাড়িয়ে তুলছে।
ডনের নির্বাহী পরিচালক ওমর শাকির এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের যুদ্ধমুখী আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ প্রকাশ করা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রভাব পড়ছে না।
তার ভাষায়, হোয়াইট হাউস যদি তেল আবিবের ওপর থাকা রাজনৈতিক ও সামরিক প্রভাব যথাযথভাবে ব্যবহার না করে, তাহলে কেবল কথার মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।
মানবাধিকার সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে, ইসরায়েলের জন্য সব ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত করা উচিত। পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময় এবং সামরিক সহযোগিতাও বন্ধ করার দাবি জানানো হয়েছে।
সংস্থাটি মনে করে, কার্যকর আন্তর্জাতিক চাপ ছাড়া ইসরায়েলের সামরিক অভিযান থামানো এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে।

