ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তোলেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বা আর্থিক ইস্যুকে ব্যাখ্যা করা সমীচীন নয়।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়; এটি একটি আর্থিক প্রতিষ্ঠান, যা আইন ও নীতিমালার আওতায় পরিচালিত হয়।
ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী দাবি করেন, বৈধ গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং নিয়ম অনুযায়ী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালিত হবে। একই সঙ্গে তিনি বলেন, কিছু মহল গ্রাহকের নামে আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
মন্ত্রী আরও জানান, ব্যাংকের পর্ষদ গঠন বা পরিবর্তনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারভুক্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে সংসদে বিরোধী পক্ষ অভিযোগ করে জানায়, অতীতে বিভিন্ন অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির মাধ্যমে বিপুল অর্থ ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে এবং নতুন নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।

