সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সকালে কুলাউড়া শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক সমিতি কুলাউড়া শাখা।
সংগঠনের সভাপতি জাকির সিদ্দিকী জামালের সভাপতিত্বে এবং এনামুল হক দেলওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, গ্রাহক লুৎফর রহমান কয়েছ, কাজী জসিম উদ্দিন, দলিল লেখক আক্কল আলী, এম এ জলিল, ডা. মবশির আলী, খলিলুর রহমান ও সুহিন আহমদসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,ব্যাংকের অভ্যন্তরে একটি স্বার্থান্বেষী মহল ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ব্যাংকের পরিবেশ নষ্ট ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে এএমডি কামাল উদ্দিন জসীমের অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।
বক্তারা আরও বলেন,ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ এবং দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ করা উচিত। একই সঙ্গে ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের কথিত ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক অপসারণ না করার দাবি তোলা হয়।
তাদের ভাষ্য,ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। প্রতিষ্ঠানটির সুনাম ও স্থিতিশীলতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংকিং খাতকে সুরক্ষিত রাখতে মো. ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান তারা।
এ সময় বক্তারা এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিও জানান।

