যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান অন্তত এক সপ্তাহের জন্য একে অপরের ওপর কোনো ধরনের হামলা না চালাতে সম্মত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে “ইতিবাচক ও ফলপ্রসূ” আলোচনার পর তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রসঙ্গ টেনে বলেন, প্রথমে ইসরায়েল আঘাতের শিকার হয় এবং পরে তারা জবাব দেয়—এ কারণে নেতানিয়াহুকে দোষারোপ করা ঠিক হবে না বলে তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, দুই পক্ষ এখন সংঘাত কিছুটা থামিয়ে পরিস্থিতি শান্ত রাখার বিষয়ে একমত হয়েছে এবং অন্তত আগামী এক সপ্তাহ তারা সরাসরি আক্রমণ থেকে বিরত থাকবে।
একই সময় মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনার অগ্রগতির কথাও উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, একটি চূড়ান্ত পর্যায়ের চুক্তির দিকে অগ্রসর হচ্ছে ওয়াশিংটন, যেখানে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা হবে।
তিনি আরও বলেন, চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনাও তৈরি হবে। ট্রাম্প আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই সমঝোতা চূড়ান্ত হতে পারে।

