মোঃ মামুন মোল্লা, খুলনা প্রতিনিধি:
ঈদুল আজহা সামনে রেখে খুলনার শিরোমণি, মীরেরডাঙ্গা ও আটরা শিল্পাঞ্চলের বন্ধ থাকা বিভিন্ন জুট মিল ও শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটি ও পিএফসহ সব বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিরোমণি, মীরেরডাঙ্গা ও আটরা শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, মহাসেন জুট মিল, সোনালী জুট মিল, অ্যাক্স জুট মিল, জুট স্পিনারস, আফিল জুট মিল, হুগলি বিস্কুট কোম্পানিসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে বন্ধ থাকলেও শ্রমিকদের প্রাপ্য পাওনা এখনো পরিশোধ করা হয়নি।
তারা বলেন, ঈদের আগে এসব বকেয়া পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে রেলপথ ও সড়কপথ অবরোধ এবং ঈদের জামাতও রাজপথে আদায়ের হুঁশিয়ারি দেন তারা।
শ্রমিক নেতারা জানান, ইতিমধ্যে জেলা প্রশাসক ও শ্রম দপ্তরে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মালিকপক্ষ শ্রম আইনকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান।
এতে আরও বক্তব্য দেন ফেডারেশনের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতা ও স্থানীয় ব্যক্তিরা।
শ্রমিকরা দ্রুত তাদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

