কিউবার উত্তর-পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যা গত দেড় শতকের মধ্যে সবচেয়ে তীব্রগুলোর একটি বলে বিবেচনা করা হচ্ছে। ভূমিকম্পের প্রভাবে কেবল কিউবাই নয়, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু এলাকাতেও কম্পন টের পাওয়া যায়।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এর কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানাসহ বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।
ভূকম্পবিদদের মতে, ক্যারিবিয়ান অঞ্চলে এমন কম্পন তুলনামূলকভাবে বিরল। ইউএসজিএসের বিশেষজ্ঞ পল আর্ল জানান, এটি একটি টেকটোনিক প্লেটের ভেতরে সংঘটিত হওয়ায় এর ধরন ও বিস্তার সাধারণ ভূমিকম্পের তুলনায় ভিন্ন।
তিনি আরও বলেন, ১৮৮০ সালের পর এই ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ২০০ মাইলের মধ্যে এত শক্তিশালী কোনো কম্পন রেকর্ড করা যায়নি। সে সময় কিউবার সান ক্রিস্টোবালের কাছে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।
তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ সমস্যার কারণে পরিস্থিতি পর্যবেক্ষণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কিত হয়ে বাড়িঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। মেক্সিকোর কানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমসহ বিভিন্ন পর্যটন এলাকাতেও কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু অংশেও এর প্রভাব দেখা যায়।
অন্যদিকে মেক্সিকোর ইউকাতান ও কুইন্টানা রু রাজ্যে সতর্কতামূলকভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত বড় ক্ষতির তথ্য মেলেনি।
জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সূত্র: রয়টার্স

