আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
রোববার (২৪ মে) শিবগঞ্জ উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনা করা হয়। এতে ৬৫৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ।
চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সেক্টর সদর দপ্তর রাজশাহীর মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমীসহ দুইজন বেসামরিক চিকিৎসক। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

