আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিল আবেদনের শুনানি আজ শনিবার থেকে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) সকাল ১০টা থেকে এই শুনানি কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান জানান, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ফুল কমিশন এই শুনানি গ্রহণ করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত আপিল নম্বর অনুযায়ী এই কার্যক্রম চলবে।
শুনানির তারিখ ও আপিল নম্বর:
১০ জানুয়ারি: আপিল নম্বর ০১-৭০
১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০
১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০
১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০
১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০
১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০
১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০
১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০
১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।
শুনানি শেষে আপিলের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের হার্ড কপিও সংগ্রহ করা যাবে। ১০-১২ জানুয়ারির শুনানি শেষে ১২ জানুয়ারি, ১৩-১৫ জানুয়ারির শুনানি শেষে ১৫ জানুয়ারি এবং শেষ দফার রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা ফিরে পেতে এবং অন্যের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে এবার মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার শেষ দিনে রেকর্ড ১৭৬টি আবেদন জমা দেয় সংক্ষুব্ধ ব্যক্তিরা। এর আগে সারা দেশে মনোনয়নপত্র বাছাইকালে ৭২৩ জন প্রার্থীর আবেদন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।

