বর্তমান প্রজন্মের পরিচিত ও দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ বিয়ের পিঁড়িতে বসেছেন। পাত্রী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমান। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুই পরিবারের সম্মতিতে রাজধানী ঢাকার একটি কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নবদম্পতির পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেক তারকা এবং নির্মাতারা উপস্থিত থেকে পার্থ ও সামিহাকে শুভকামনা জানান।
পার্থ শেখ ও সামিহা রহমান দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কের ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তাঁদের দুজনকে একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যেত। সেই দীর্ঘদিনের প্রণয়ই এবার আনুষ্ঠানিক পরিণয়ে রূপ নিল।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত দুই বছরে অভিনেতা হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন পার্থ শেখ। বিশেষ করে ওয়েব সিরিজ ‘কারাগার’-এ অভিনয় করে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। এ ছাড়া টেলিভিশন নাটকে তিনি নিয়মিত অভিনয় করছেন এবং তরুণ প্রজন্মের দর্শকদের কাছে তাঁর একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ ও সামিহার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও ভক্তরা তাঁদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছেন।

